কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরতদের ঈদের রাতে খাবার জোটেনি

আপডেট : ১৫ মে ২০২১, ০৫:৩৬ পিএম

পবিত্র ঈদুল ফিতরের দিনেও ভাত না খেয়ে রাত পার করতে হয়েছে ভারতফেরত কোয়ারেন্টাইনকারীদের। কোয়ারেন্টাইনে জিম্মি করে হোটেল মালিকদের ইচ্ছেমাফিক খাবার খেতেও বাধ্য করার অভিযোগ করেছেন তারা।

ভারতে চিকিৎসা শেষে ৫ মে তারিখে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সুদীপ সরকার জানান, তাদের আপত্তি স্বত্ত্বেও তাদের যশোর বা অন্য কোথাও না রেখে সাতক্ষীরায় এনে রাখা হয়েছে। সেই থেকে এ পর্যন্ত তাদের কেউ দেখতে আসছে না। সবাই রোগী হলেও তাদের কী অবস্থা সে খোঁজ পর্যন্ত কেউ নিচ্ছে না।

শফিকুল ইসলাম জানান, প্রথমদিন থেকে তাদের এনে রাখা হয়েছে উত্তরা হোটেলে, সেখানে ৫১ জনকে রাখা হয়েছে। যেহেতু তারা সরকারের সিদ্ধান্তে সম্মতি স্বাক্ষর করে দেশে প্রবেশ করেছেন, সে কারণে তা মেনে নিয়েছিল। কিন্তু তাদের প্রতি অব্যবস্থাপনা ও অমানবিকতা তাদের অবাক করেছে। খাবার না পেয়ে ঈদের রাতে হোটেলে কোয়ারেন্টাইন করা ৫১ জনকে ভয়ানক বিড়ম্বনায় পড়তে হয়।

এ খবর জানতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি ও কয়েকজন সাংবাদিক রাতে এসে তাদের খাবার পানি পাউরুটির ব্যবস্থা করে।

লায়লা পারভিন সেঁজুতি জানান, কোয়ারেন্টাইনকারীদের পানি-খাবার না থাকা, হোটেল কর্তৃপক্ষের তাদের জিম্মি করা এবং রাতে ভাত না পাওয়া অত্যন্ত দুঃখজনক।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, ঈদের দিন প্রশাসন তাদের সকাল ও দুপুরে খাবারের ব্যবস্থা করেছে। রাতে খাবার দেওয়া হবে না জানিয়ে দেওয়া হয়। এরপর রাতে খাবার না থাকা এবং হোটেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত