চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৬ মে ২০২১, ০৮:৩৯ পিএম

পটুয়াখালীতে সরকারি চাল আত্মসাৎ মামলায় ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার দুপুরে বাসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, জাটকা আহরণে বিরত থাকা ছোটবিঘাই ইউনিয়নে দ্বিতীয় দফায় ৪৫০ জেলের জন্য ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ১২ মে গুদাম থেকে এসব চাল উত্তোলন করেন চেয়ারম্যান আলতাফ হোসেন। পরে ১৩ মে দুপুরে ভুতুমিয়া লঞ্চঘাটে বসে চেয়ারম্যানের উপস্থিতিতে এসব চালের বস্তা গণনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহ্ফুজুর রহমান। সেখানে তিনি সঠিক পরিমাণ চাল না পেয়ে চেয়ারম্যানকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ বলেন, চাল আত্মসাৎ মামলায় ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত