সচিবালয়ে তথ্যমন্ত্রী

শেখ হাসিনার মাতৃস্নেহেই আ.লীগ চারবার রাষ্ট্রক্ষমতায়

আপডেট : ১৮ মে ২০২১, ০৩:৫১ এএম

বঙ্গবন্ধুর রক্তভেজা বাংলাদেশের মাটিতে ফিরে এসে পিতৃহীন সন্তানের মতো আওয়ামী লীগকে মায়ের স্নেহেই শেখ হাসিনা চারবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ-উত্তর মতবিনিময় সভায় শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাতে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে একটি সুখবর দিতে চাই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারীর মধ্যে প্রায় সব দেশে যেখানে অর্থনীতি সংকুচিত হয়েছে, মাথাপিছু আয় কমেছে, সেখানে গত বছর বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। আমাদের ২০১৯-২০ অর্থবছরের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলার এখন প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে, যা আমাদের জাতির জন্য আরেকটি অর্জন। আয়তনের দিক দিয়ে পৃথিবীতে ৯১তম বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ ধান উৎপাদনে তৃতীয়, মিঠাপানির মাছ উৎপাদনে পৃথিবীতে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদনে চতুর্থ।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচার ও রায় কার্যকর হয়েছে, যুদ্ধাপরাধের বিচার হয়েছে ও চলমান আছে। তার হাত ধরেই ক্যান্টনমেন্টে বন্দি গণতন্ত্র মুক্তি পেয়েছিল, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বারবার মৃত্যুর উপত্যকা থেকে ফিরে এসে শেখ হাসিনা কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের  কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন।’

ফিলিস্তিনি জনতার ওপর অব্যাহত ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নীরব কেনÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যখন ইসরায়েল কর্র্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ। হিউম্যান রাইটস ওয়াচ এত কিছু ওয়াচ করে আর এখন পৃথিবীর সমস্ত টেলিভিশন যে এই বর্বরতা দেখাচ্ছে, সেটা তাদের চোখে পড়ে নাই, কোনো বিবৃতিও তাদের নাই।’

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করছে’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো প্রতিদিনই এই সমস্ত কথা বলেন, সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উপস্থাপন করেন। তার এই বক্তব্য সেটিরই ধারাবাহিকতা ছাড়া আর অন্য কোনো কিছু নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত