যাকে মৌসুমের শুরুতে ছেড়ে দিয়েছিল বার্সেলোনা, সেই লুইস সুয়ারেজের গোল রবিবার গড়ে দিল ম্যাচের ভাগ্য। নাটকীয় লড়াইয়ে ওসাসুনাকে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আতলেতিকো মাদ্রিদ। শিরোপা-ভাগ্য নিজেদের হাতে নিয়েই ২২ মে শেষ রাউন্ডে নিজেদের মাঠে ভায়াদোলিদের বিপক্ষে খেলতে নামবে আতলেতিকো মাদ্রিদ। সুয়ারেজের কণ্ঠেও প্রতিধ্বনিত হলো সেই সুর। ওসাসুনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর নিজেকে নিয়ে খুশি ও গর্বিত বলে জানিয়েছেন তিনি।
‘শিরোপা-ভাগ্য আমাদেরই হাতে। আমরা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছি। হ্যাঁ, আগেও অনেকগুলো খেলেছি আমরা। কিন্তু আমাদের লক্ষ্য পূরণে এই ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে’Ñ ম্যাচ শেষে বলেছেন তিনি।
৮০ পয়েন্ট নিয়ে ৩৭তম ম্যাচ খেলতে নেমেছিলেন সুয়ারেজরা ওসাসুনার সঙ্গে। ৭৫তম মিনিটে ম্যাচের ধারার বিপরীতে পিছিয়ে পড়েছিল আতলেতিকো। তবে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ৬ মিনিটের মধ্যে দু’বার ওসাসুনার জালে বল পাঠিয়ে জয় আদায় করে নেয় দলটি। ৮৮তম মিনিটে স্বাগতিকদের উল্লাসে মাতান সুয়ারেজ। বার্সেলোনায় থাকা অবস্থায় এমন পরিস্থিতি আগেও অনেক জয় এনে দিয়েছিলেন সুয়ারেজ। চাপের সময়ে তার বিকল্প আর কোনো খেলোয়াড় নেই বলেই মনে করেন আর্জেন্টাইন কোচ সিমিওনে। রীতিমতো প্রশ্ন ছুড়ে দেন তিনি, ‘সুয়ারেজের এমন অনেক অভিজ্ঞতা রয়েছে এবং ম্যাচটি যখন আমাদের থেকে সরে যাচ্ছিল তখন সব সমাধান করতে তার চেয়ে ভালো আর কে রয়েছে? সুয়ারেজ অবিশ্বাস্য স্পিরিট দেখিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ও গোল করছিল না তবে করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল।’
মৌসুমের শুরুতে পিচিচি ট্রফি জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল সুয়ারেজ। সে লড়াই থেকে মেসির সঙ্গে পেরে না উঠলেও ২০ গোল নিয়ে আতলেতিকোর সর্বোচ্চ গোলদাতা তিনি। মূলত শেষ পাঁচ ম্যাচে গোল না পাওয়ায় পিছিয়ে যান এ তারকা। মাঝে ইনজুরির কারণে মিস করেছেন বেশ কিছু ম্যাচ। তবে দলের খুব প্রয়োজনীয় সময়েই জ্বলে ওঠেন এ উরুগুইয়ান তারকা। নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে হার না মানা মানসিকতার কথা উল্লেখ করেন সুয়ারেজ, ‘কখনো কখনো একজন স্ট্রাইকার হিসেবে মাথা নিচু করে ফেলা এবং হতাশ হয়ে পড়াটাই সহজ কাজ। কিন্তু আমি কখনোই সে রকম না। আমি খুশি ও গর্বিত। যদি আপনি লড়াই করেন, হাল ছেড়ে না দেন, তাহলে আজকের মতো (রবিবার রাত) আরও অনেক লক্ষ্য পূরণ করতে পারবেন।’
৩০ গোল নিয়ে লা লিগায় গোলদাতাতের শীর্ষে লিওনেল মেসি। হলে কী হবে, দল পারল না শিরোপা পুনরুদ্ধারে। যে রাতে দুই মাদ্রিদ জিতেছে, সে রাতে মেসির গোলে এগিয়ে গিয়েও সেল্তা ভিগোর কাছে ১-২ গোলে হেরে শিরোপার শেষ সম্ভাবনাও জলাঞ্জলি দিয়েছে কাতালানরা।
এখন শেষ রাউন্ডে আতলেতিকো নিজেদের মাঠে ভায়াদোলিদকে হারালেই চ্যাম্পিয়ন। এমনকি শেষ রাউন্ডে রিয়াল মাদ্রিদ যদি পয়েন্ট হারায়, তাহলে হেরে গেলেও শিরোপা জিতবে আতলেতিকো। কারণ রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান দুই।
