সরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা অনৈতিকভাবে ব্যবসায়ীদের কাছে টাকা চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়া বিশ্বব্যাংকের ব্যবসা সহজ করার সূচকে এ বছর বাংলাদেশ ৯৯ নম্বরে উঠে আসবে, এটাও বিশ্বাস করেন না তিনি। তার ভাষ্যে, বিষয়টি এত সহজ নয়। কারণ, ব্যবসা পরিস্থিতির উন্নতির কথা যতক্ষণ ব্যবসায়ীরা না বলবেন, ততক্ষণ বিশ্বব্যাংক পয়েন্ট দেবে না। আবার ব্যবসায়ীরাও বিশ্বব্যাংকের উপসূচকগুলো সম্পর্কে তেমন একটা সচেতন নন। বিডা তিন-চার বছর ধরে বিশ্বব্যাংকের সূচক ধরে সংস্কার শুরু করেছে।
ব্যবসা সহজ করার সূচক নিয়ে গতকাল সোমবার এক ওয়েবিনারে সিরাজুল ইসলাম এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এই ওয়েবিনার আয়োজন করে।
তবে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাংকের ব্যবসা সহজ করার সূচকে বাংলাদেশ দুই অঙ্কের ঘরে (৯৯ নম্বর) নামানোর লক্ষ্য ঠিক করা হয় বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৮তম।
সিরাজুল ইসলাম জানান, কিছুদিন আগে একজন বিদেশি বিনিয়োগকারী আমার কাছে অভিযোগ করেন, তার কাছে অনৈতিকভাবে অর্থ চেয়ে নাজেহাল করা হয়েছে। অনৈতিক অর্থ না দেওয়ায় যা করযোগ্য নয়, তা-ও কর দাবি করা হয়েছে। ওই বিদেশি বিনিয়োগকারী বিডার কাছে সমাধান চেয়েছেন। এই ধরনের অনৈতিক লেনদেনের বিষয় আছে, যা ব্যবসা সহজ করার ক্ষেত্রে বাধা।
অনুষ্ঠানের কয়েকজন ব্যবসায়ী এই ধরনের অনৈতিক লেনদেনের অভিযোগ করলে বিডার চেয়ারম্যান তা স্বীকার করে নেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাবেক আমলাসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা বক্তব্য দেন। বিডার পরিচালক জীবন কে সাহা রায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে গত কয়েক বছরে কী ধরনের সংস্কার করা হয়েছে, তা তুলে ধরা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, মাঠপর্যায়ে এক জমি নামজারি করতে ৭২ হাজার টাকা লাগে। কেন চাওয়া হয়, এর কোনো উত্তর নেই। আরজেএসসিতে নিবন্ধন নিতে গেলে সরাসরি কাজ হয় না। সেখানে গেলে বলা হয়, পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে। এভাবে পরামর্শক প্রতিষ্ঠানের চক্র গড়ে উঠেছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির বলেন, কোনো অফিসে ফাইল আটকে থাকলে কাউকে বললেও বিপদে পড়বেন। আপনাকে বলবে, ফাইল তো পাওয়া যাচ্ছে না। অনুষ্ঠানের সভাপতি ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি হুমায়ন রশিদ বলেন, এমন খাতও আছে, যেখানে ব্যবসা শুরু করতে ২৮টি লাইসেন্স লাগে। প্রতিটি লাইসেন্সের আবেদন যদি নির্দিষ্ট কার্যালয়ে এক মাস পড়ে থাকে, তাহলে ২৮ মাস লাগবে। এমন পরিস্থিতিতে কে ব্যবসা করতে আসবে?
