পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বীমা বাধ্যতামূলক হচ্ছে

আপডেট : ১৮ মে ২০২১, ০৫:৩৮ এএম

পুঁজিবাজারসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা ও অনাকাক্সিক্ষত মৃত্যুর ক্ষতিপূরণ নিশ্চিত করতে স্বাস্থ্য ও জীবন বীমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে এসইসি।

এসইসির এই নির্দেশনার ফলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছাড়াও সব তালিকাভুক্ত কোম্পানি এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা করতে হবে। সঠিক পরিসংখ্যান না থাকলেও তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্মী সংখ্যা কয়েক লাখ হতে পারে। বর্তমানে বেক্সিমকো গ্রুপের চারটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। পুরো গ্রুপটির কর্মীর সংখ্যা প্রায় ৭০ হাজার বলে তারা জানিয়েছে।

এ ছাড়া গ্রামীণফোন, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই লিমিটেড, বিএসআরএম ছাড়াও শ্রমঘন শিল্প বস্ত্র খাতের কোম্পানিগুলোতে হাজার হাজার কর্মী রয়েছে। এর মধ্যে অনেক কোম্পানিতে স্বাস্থ্য বীমার সুবিধা থাকলেও বস্ত্র খাতের মতো উৎপাদনশীল কোম্পানিগুলোর বড় অংশে বীমা সুবিধা না থাকার অভিযোগ রয়েছে। এখন এসইসির নির্দেশনার ফলে তালিকাভুক্ত সব কোম্পানিতে কর্মীদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা নিশ্চিত করতে হবে।

শুধু তালিকাভুক্ত কোম্পানি নয়, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, ক্রেডিট রেটিং কোম্পানিসহ পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সব প্রতিষ্ঠান, যারা এসইসিতে নিবন্ধিত সেসব প্রতিষ্ঠানকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ও জীবন বীমার সুবিধা দিতে হবে। এসইসির এই নির্দেশনার ফলে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলো নতুন করে কয়েক লাখ গ্রাহক পেতে যাচ্ছে, যা তাদের আয় বাড়াতে ভূমিকা রাখবে। এর আগে শস্য বীমা, ভবন বীমাসহ বিভিন্ন প্রকল্পের বীমার আওতা বাড়াতে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা এখন কার্যকর হয়নি। বীমার সুবিধা থাকলে তালিকাভুক্ত কোম্পানি ও বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা বা অর্থ পাবেন। আর অনাকাক্সিক্ষত মৃত্যুর ক্ষেত্রে বীমা কোম্পানি থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ পাবেন কর্মীর পরিবার।

গত ১২ মে এসইসির এ সংক্রান্ত এক সার্কুলারে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত কমিশনের ৭৭১তম কমিশন সভায় পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে পুঁজিবাজারসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য স্বাস্থ্য ও জীবন সুরক্ষাসংক্রান্ত বীমা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল) কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর জন্য স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি গ্রহণ করে আগামী ২৫ জুনের মধ্যে এসইসিকে অবহিত করতে হবে। এ ছাড়া পুঁজিবাজারে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবিলম্বে স্বাস্থ্য ও জীবন বীমা পলিসি গ্রহণ করে এসইসিকে অবহিত করতে বলা হয়েছে।

কর্মীদের বীমা সুবিধা নিশ্চিত করতে ব্রোকারস অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসিসহ অন্যান্য পুঁজিবাজারসংশ্লিষ্ট অংশীদারদের চিঠি দিয়েছে এসইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত