কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে রিমা আক্তার (২৬) নামে এক সন্তানের জননীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্বামী রমজান বাড়ি থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (১৮ মে) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের লোকমান হাসানের ছেলে রমজান মিয়ার সঙ্গে কুমিল্লা মহানগরীর কাপ্তানবাজার এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে রিমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে রমজান শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিল। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষ্যে রমজান স্ত্রী, সন্তানসহ নিজ বড়ি থেকে শ্বশুর বাড়ি জগতপুরে বেড়াতে আসে। বাড়িতে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার (১৮ মে) সকালে রমজানের মা রিনা আক্তার, ছোটভাই সাদ্দাম, বোন চাঁদনী, ভগ্নীপতি রায়হান লালমাই-ময়নামতি পাহাড়ের কোটবাড়ি এলাকায় বেড়াতে যায়।
পুলিশ আরো জানায়, ঘর খালি পেয়ে এ সময় স্বামী-স্ত্রী আবারো বিরোধে জড়িয়ে পড়ে। রমজান উত্তেজিত হয়ে রিমা আক্তারকে বটি দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় মোবাইলফোনে খবর পেয়ে পুলিশ জগতপুর গ্রামের সাধন গাজীর বাড়ি থেকে রিমার লাশ উদ্ধার করে। কুমিল্লা সদর সার্কেল সোহান সরকার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএম, ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ আরো জানায়, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে হত্যার ঘটনাটি ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্বামী রমজান পলাতক। তার মোবাইলফোন বন্ধ। তাদের পাঁচ বছর বয়সি তাকিয়া আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে।
