সাতক্ষীরায় ভারত থেকে আসা ১১ জনের করোনা

আপডেট : ২০ মে ২০২১, ০৫:১৪ এএম

সাতক্ষীরায় সম্প্রতি ভারতফেরত ১৪২ জনের মধ্যে ১১ জন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সময়সীমার শেষ মুহূর্তে নমুনা পরীক্ষার পর গত মঙ্গলবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই ১১ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের (ধরন) উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

তিনি আরও জানান, করোনা শনাক্ত হওয়া ভারতফেরত ১১ জনকে গতকাল বুধবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালটির আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সিভিল সার্জন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা শনাক্ত হওয়া ভারতফেরত ১১ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট কি না, সে বিষয়ে নিশ্চিত হতে তাদের আলাদা আলাদা স্যাম্পল (নমুনা) ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। এ ছাড়া ভারতফেরত বাকি ১৩৯ জন কোয়ারেন্টাইনসীমা পূর্ণ করায় এবং করোনা নেগেটিভ থাকায় তাদের নিজ নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫ মে থেকে বিভিন্ন সময়ে ভারত থেকে দেশে ফেরা ৩৩৭ জন সরকারি নির্দেশনা মেনে সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা শুরু করেন। এর মধ্যে ১৫০ জন কোয়ারেন্টাইন সময়সীমা অতিক্রম করেন। তবে শেষ মুহূর্তের পরীক্ষায় ১১ জন করোনা পজিটিভ হওয়ায় তারা চিকিৎসার জন্য সাতক্ষীরায় থেকে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত