ফিলিস্তিন ইস্যুতে ফেইসবুকের রেটিংয়ে ধস

আপডেট : ২০ মে ২০২১, ০২:২১ পিএম

ইসরায়েলের সমালোচনামূলক পোস্ট হাইড, এবং ফিলিস্তিনিবিরোধী পেজে ফেক লাইকের অভিযোগে ফেইসবুকের বিরুদ্ধে ভার্চুয়াল যুদ্ধ শুরু করেছেন নেটিজেনরা। গুগল প্লে স্টোরে রেটিং ২.৫ হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির।

ব্যবহারকারীরা কয়েক দিন ধরে রেটিং ঝড় তুলেছেন অ্যাপটির বিরুদ্ধে। রীতিমতো ক্যাম্পেইন করে ওয়ান স্টার দিতে আহ্বান জানানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে গুগল প্লে স্টোরে গিয়ে ২.৫ রেটিং দেখা যায়। অন্যদিকে অ্যাপ স্টোরে আরও কম ২.৪।

অথচ কয়েক দিন আগে অ্যাপটির গড় রেটিং ছিল ৪.৫।

অ্যাপের পারফর্ম্যান্স এবং সেবার ওপর ভিত্তি করে এই রেটিং দিয়ে থাকেন ব্যবহারকারীরা।

২০টি সংগঠন তাদের বিবৃতিতে বলেছে, ফেইসবুক এবং টুইটার কৌশলে ব্যবহারকারীদের কণ্ঠরোধ করছে।

ফেইসবুক জানিয়েছে, তাদের মালিকানাধীন ইনস্টাগ্রামে সিস্টেমের ভুলে পোস্টগুলো সেনসরড হয়েছে। টুইটারও একই দাবি করেছে।

ক্ষমা চাওয়ার পর দুটি কোম্পানির পক্ষ থেকে বলা হয়, সমস্যাটির সমাধান করা হয়েছে।

কিন্তু অনেক ব্যবহারকারী বলছেন, এখনো অনেক পোস্ট দেখা যাচ্ছে না।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত