ঘরের মাঠে ‘ভালো কিছুর’ আশায় নির্বাচকেরা

আপডেট : ২০ মে ২০২১, ০৫:৩৩ পিএম

নিজেদের মাঠে খেলা বলে শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাসী মনোভাবের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঘরের মাঠের সিরিজে আমরা সবসময়ই তুলনামূলক ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু ঘরের মাঠে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ২৩ মে মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে। দিবারাত্রির সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্ট্যান্ডবাই তালিকা তৈরির কথা জানিয়েছেন তিনি, ‘আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চার জন স্ট্যান্ডবাই আছে। নাঈম শেখ, তাইজুল (ইসলাম), শহিদুল (ইসলাম) ও (আমিনুল ইসলাম) বিপ্লব আছে। ১৯ জনের স্কোয়াডই আমরা তৈরি করেছি। কারণ, কভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্ট্যান্ডবাই চার জনও দলের সঙ্গেই থাকবে।’

চোটের কারণে বাদ পড়েছেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ। প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত