ভেঙে পড়ল ডারউইন তোরণ

আপডেট : ২১ মে ২০২১, ০৪:৪০ এএম

প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের তোরণ আকৃতির পাথরের প্রাকৃতিক স্থাপনাটি ভেঙে পড়েছে। ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে স্থাপনাটির নাম দেওয়া হয়েছিল ডারউইন তোরণ। ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় গত মঙ্গলবার জানায়, প্রাকৃতিক কারণে পাথর ক্ষয়ে ক্ষয়ে ভেঙে পড়েছে ঐতিহাসিক স্থাপনাটি। এখন কেবল এর দুই পাশের দুটি থাম অবশিষ্ট রয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বেশ কয়েকজন পর্যটকের সামনেই ভেঙে পড়ে তোরণটি। তবে এ সময় কেউ আহত হননি।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের দ্বীপটির কাছে অবস্থিত এই প্রাকৃতিক স্থাপনার এখন কেবল দুই পাশে দুটি থাম অবশিষ্ট রয়েছে।

এই স্থাপনাটির কাছে পর্যটকরা সামুদ্রিক কচ্ছপ, হাঙ্গর, মন্টা রে এবং ডলফিন দেখার জন্য সমুদ্রের নিচে ডাইভ করেন।

ডাইভিং ওয়েবসাইট স্কুবা ডাইভার লাইফ জানিয়েছে, তাদের একটি নৌকায় থাকা ডাইভাররা সোমবার মধ্য দুপুরের দিকে স্থাপনাটির একটি অংশ ভেঙে পড়তে দেখেন। তবে কোনো ডাইভার এ ঘটনায় আহত হননি।

ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন ১৮৩৫ সালে দ্বীপটি দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের এই দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন। সেখানে তিনি এমন সব প্রজাতির প্রাণীর দেখা পান, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। গ্যালাপাগোসের প্রাণিজগত নিয়ে গবেষণার পর ডারউইন তার বিখ্যাত ‘প্রাকৃতিক নির্বাচনতত্ত্ব’ প্রকাশ করেন।

১৯৭৮ সালে এলাকাটিকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে ইউনেস্কো। ২৩৪টি ছোট-বড় দ্বীপ মিলিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত। এইসব দ্বীপের কেবল চারটিতে ৩০ হাজারের কাছাকাছি মানুষের বাস রয়েছে। দ্বীপপুঞ্জের পাশে তিন মহাসাগরের মিলনস্থলের জীববৈচিত্র্যকে ‘জীবন্ত জাদুঘর ও বিবর্তনের প্রদর্শনী’ আখ্যা দেওয়া হয়েছে ইউনেস্কোর ওয়েবসাইটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত