বরগুনার পাথরঘাটা ও আমুয়া এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চারটি বাস আটকের পর জরিমানা করে তা ফিরিয়ে দিয়েছে পিরোজপুরের প্রশাসন। গতকাল শনিবার দুপুরে শহরের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় প্রায় ২০০ যাত্রীসহ চারটি বাস আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাসগুলোকে ২০ হাজার টাকা জরিমানা করে ফেরত পাঠায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম জানান, সরকার ঘোষিত চলাচলের বিধিনিষেধ উপেক্ষা করে চারটি বাস পিরোজপুরের ওপর দিয়ে ঢাকা যাচ্ছিল এবং তা আটক করা হয়। এরপর এ বাস চারটি আটক করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এর ২৫ ধারা অনুযায়ী প্রতিটি বাসের মালিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং বাসের যাত্রীদের সতর্ক করে বাসগুলো ফেরত পাঠানো হয়।
