পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) দুটি বিদ্যুৎকেন্দের মেয়াদ শেষ হয়ে আসায় তা বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। আগামী ২৯ মে ও ১ জুন কেপিসিএলকে কেন্দ্র দুটি বন্ধ করতে হবে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেপিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া প্ল্যান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) বর্তমান মেয়াদ যথাক্রমে ৩১ মে ও ২৮ মে শেষ হয়ে যাবে। কেন্দ্র দুটির মেয়াদ না বাড়িয়ে বিইউবি এক চিঠির মাধ্যমে কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া প্ল্যান্ট আগামী ১ জুন ও ২৯ মের মধ্যে বন্ধের নির্দেশনা দিয়েছে। যদিও কেপিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে যে, কেন্দ্র দুটির পিপিএর মেয়াদ বাড়াতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেপিসিএল।
কেন্দ্র দুটির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াতে গত বছরই বিপিডিবির কাছে আবেদন করেছিল কেপিসিএল। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিপিডিবি। তবে মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে সরকার ও বিপিডিবির সঙ্গে কোম্পানির আলোচনা চলছে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকেও তালিকাভুক্ত বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০১৮ সালের ১৩ অক্টোবর থেকে খুলনার খালিশপুরে অবস্থিত ১১০ মেগাওয়াট সক্ষমতার এইচএফওভিত্তিক কেপিসিএল-১ বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে। কেন্দ্রটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হলেও বিপিডিবি সেটি গ্রহণ করেনি।
