বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর হেউটনগর এলাকা থেকে মমতা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মমতা খাতুন উপজেলার নিমগাছি ধলিপাড়ার মফিজ উদ্দিনের স্ত্রী। সোমবার দুপুর ১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মমতার ছেলে বেলাল হোসেন জানান, তার মা নিমগাছি ইউনিয়নের বয়স্কভাতা সুবিধাভোগী। রবিবার সকালে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের খোঁজখবর নেওয়ার জন্য তিনি বাড়ি থেকে নিমগাছি ইউনিয়ন পরিষদে যান। সেখান থেকে একই এলাকার বেড়েরবাড়ি ফকিরপাড়ায় মেয়ে কল্পনা খাতুনের বাড়িতে যান মমতা।
রবিবার দুপুরের দিকে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন। কিন্তু তিনি বাড়ি ফেরেননি। সোমবার দুপুরের দিকে বাঙালি নদীতে মায়ের ভাসমান মৃতদেহের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কিভাবে মায়ের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেননি তিনি।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বৃদ্ধার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
