শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোহাম্মদ সাইফুদ্দিন নেমেছিলেন আট নম্বরে। করেন ৯ বলে অপরাজিত ১৩ রান। সাতে নামা আফিফ হোসেন ২২ বলে ২৭ করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ দলে সাত নম্বরে সৌম্য সরকারও খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেখ মাহাদীকে দিয়েও চেষ্টা হয়। কেউ ভালো করতে পারেননি। এমন পরিস্থিতিতে সাতে সাইফুদ্দিনকে ভাবা হচ্ছে। তিনিও বলেছেন, ‘অবশ্যই দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে নম্বর ফাইভ সিক্সে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছেন। যদি ধারাবাহিকভাবে খেলতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।’
২০১৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত ২৫টি ওয়ানডে খেলেছেন সাইফ। যেখানে ব্যাটিং পেয়েছেন ১৬ ইনিংসে। এর মধ্যে ১০ বারই তাকে নামতে হয়েছে আট নম্বরে।
এ পজিশনেই করেছেন দুইটি ফিফটি। এছাড়া সাত এবং নয় নম্বরে নেমেও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে তার। সবমিলিয়ে ১৬ ইনিংসের ব্যাটিং ক্যারিয়ারে দুই ফিফটিতে ভর করে ৩১৫ রান করেছেন ২৪ বছর বয়সী বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। সাতবার অপরাজিত থাকায় গড় স্বাস্থ্যবান, ৩৫.০০ এবং স্ট্রাইকরেটও (৮৯.৪৮) বেশ ভালো তার।
