গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা চাই দরিদ্র রিকশাওয়ালার সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, পয়সা লাগবে না। আমরা ব্যবস্থা করবে। আপনাদের ব্যথা সরকার বোঝে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দোকানদারদের জন্য বিশেষ গণস্বাস্থ্য বিমা ও খাদ্য সহায়তার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিকশাচালকদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী, রিকশাতে মোটর লাগাতে দেওয়া উচিত। এতে আপনার কষ্ট হবে না। আর টাকার ব্যবস্থা করে দিতে চাই যেন রিকশার মালিক হতে পারেন।
তিনি বলেন, চিকিৎসাতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি যাতে ডাক্তার দেখাতে আপনার এক পয়সাও খরচ হবে না। এখানে বিনা পয়সায় ডাক্তার দেখানো হবে। এ জন্য মাসে দু শ টাকা চাঁদা দিতে হবে। তাহলে প্রসবকালীন সকল সুবিধা পাবেন বিনা পয়সায়। চোখের চিকিৎসা করা হবে বিনা পয়সায়। কোনো রোগের জন্য হাসপাতালে বিনা পয়সায় ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। অ্যাক্সিডেন্ট বা অন্য কিছুর জন্য রক্তের প্রয়োজন হলে বিনা পয়সায় রক্তের ব্যবস্থা করা হবে। বাচ্চার মুসলমানি করা হবে বিনা পয়সায়। এ ছাড়া আরও অনেক সুযোগ আছে। এই জন্য মাসে দু শ টাকা করে চাঁদা দিতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সব রিকশাচালক যদি একসঙ্গে রাস্তায় নামে তাহলে সরকারই থাকবে না। সরকারের চাইতে রিকশাচালকরা বেশি শক্তিশালী। সেই রিকশাচালকরা খাইতে পায় না, চিকিৎসা পায় না, ঘর-বাড়ি নাই, থাকার জায়গা নাই। জাফরুল্লাহ চৌধুরী তাদের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা করছে। দেশ হতে হবে গরিব মেহনতি মানুষের। বড়লোকদের দেশ হওয়া চলবে না, ওই দেশ মানি না। আপনারা ঠিক থাকলে ওইরকম দেশ চলতে দেব না।
অনুষ্ঠানের সংগঠক মোজাম্মেল মাস্টার অনুষ্ঠানে আগত রিকশা-ভ্যান ড্রাইভার, হকার ও ফুটপাতের ছোট দোকানদের ধন্যবাদ জানান।
