সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ইবনে আসোয়াত (২৫)। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নতুন ট্রাক লেনে এ দুর্ঘটনা ঘটে। ইবনে আসোয়াত নওগাঁ জেলা সদরের ধুবলহাটি গ্রামের আতোয়ার রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন জানান, আসোয়াত মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার সময় নতুন ট্রাক লেনে ঢুকে পড়ে। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল থাকায় মোটরসাইকেলের চাকা পিছলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত : ফেনীর পরশুরাম বাজারের ডাকবাংলো মোড় এলাকায় মুনাফ চৌধুরীর বাসার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেল চালক নুরুল আফসার সম্রাটকে (২৬) আটক করেছে।
নিহত জাহানারা বেগম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের মো. সোলেমানের স্ত্রী। এ ব্যাপারে জাহানারা বেগমের ছেলে মো. সবুজ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে পরশুরাম থানায় সম্রাটকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
