টিএসসিতে পোস্টার লাগানোর কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা তা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। এর প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা টিএসসিতে বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার দেশ রূপান্তরকে এসব জানান ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব।
তিনি অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাবি ক্যাম্পাসে বৃহস্পতিবার বিকেলে তারা পোস্টার লাগান। পোস্টারিং করার কিছুক্ষণ পরপরই ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। টিএসসি এলাকা প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেন তারা’।
এর আগে প্রতিবাদ সমাবেশে রাকিব বলেন, ‘ঢাবি ক্যাম্পাসের সার্বিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ছাত্রদল সব সময় ধৈর্য ধারণ করেছে। পোস্টারগুলো ছিঁড়ে ফেলে ক্যাম্পাসে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ড ও দখলদারির প্রমাণ রেখেছে। পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি’।
ঢাবি ছাত্রদলের সদস্যসচিব মো. আমানউল্লাহ আমান বলেন, ‘ছাত্রলীগ যে একটি দখলদার ছাত্রসংগঠন, তাদের মধ্যে যে পরমতসহিষ্ণুতা নেই, পোস্টার ছেঁড়ার মাধ্যমে তা আরেকবার প্রমাণিত হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা ধৈর্যধারণ করেছি। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ জানাব’।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, শাহজাহান শাওন, সজীব মজুমদার, শাফি ইসলাম, আবু সুফিয়ান, এ আর খান লিটন, শরীফুল ইসলাম প্রধান প্রমুখ।
