স্বামীর ফোনে নজরদারি স্ত্রীকে লাখ টাকা জরিমানা

আপডেট : ২৯ মে ২০২১, ০৫:৩২ এএম

অনেকেই ভাবেন বিয়ে হয়েছে বা প্রেমের সম্পর্ক আছে মানেই একে অপরের ব্যক্তিগত সব বিষয়েই নাক গলাতে পারেন। অনেকে আবার ভেবে বসেন, সম্পর্ক থাকলে ‘প্রাইভেট’ বলে আর কোনো কিছুই থাকে না। তাই একে অন্যের ব্যাগ খোঁজা থেকে শুরু করে ফোন ঘাঁটা, সামাজিক যোগাযোগমাধ্যমের  পাসওয়ার্ড জেনে রাখা, মেসেজ চেক করা, সর্বোপরি নিজের পার্টনারের সব গতিবিধি নজরে রাখাটাই স্বাভাবিক মনে করেন।  কিন্তু আলাদা মানুষ হিসেবে প্রত্যেকেরই রয়েছে নিজস্বতা ও স্বকীয়তা। আরব আমিরাতের একটি আদালত সম্প্রতি এক রায়ে সেই বিষয়টিই মনে করিয়ে দিয়েছে।

দেশটির দুবাইয়ে স্বামীর ফোনে নজরদারি করার অপরাধে স্ত্রীকে ৫ হাজার ৪৩১ দিরহাম বা সোয়া ১ লাখ টাকা জরিমানা  করেছে আদালত। খালিজ টাইমসের খবর অনুযায়ী, ওই ব্যক্তি আদালতের শরণাপন্ন হয়েছিলেন তার স্ত্রীর বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, ফোন থেকে মিডিয়া নিজের ডিভাইসে ট্রান্সফার করেছেন তার স্ত্রী  এবং সেখান থেকে ছবি নিয়ে, বিকৃত করে, তা পরিবারের সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করেছেন। এই কাজের জন্য স্ত্রীর থেকে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। পাশাপাশি তার মামলা চালানোর সব খরচও স্ত্রীকেই দিতে হবে, এমনও দাবি জানান তিনি আদালতের কাছে। শুধু তাই নয়, ওই ব্যক্তি বিচারককে জানান, এই কাজ করে তার স্ত্রী মানসিকভাবে অত্যাচার করেছেন।

অন্যদিকে ওই মহিলার আইনজীবী আদালতে জানান, তার মক্কেলকে হেনস্তা করেছেন ওই ব্যক্তি। শ্বশুরবাড়িতে তাকে অত্যাচার করা হতো। এমনকি নিজের স্ত্রী ও মেয়েকে ফেলে চলে গিয়েছিলেন তিনি। তবে দুইপক্ষের সওয়াল জবাব শেষে আদালত ওই মহিলার বিপক্ষে রায় দেয়।

অবশ্য এই রায়ের বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে। অনেকে বলছেন, একই কাজ স্বামী করলে আমিরাতে রায়টা এমন নাও হতে পারত। কারণ, সেখানে নারীদের স্বাধীনতা ও সম্মান পুরুষের তুলনায় খুবই কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত