আর্থিক জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্ট পেলেন তামিম

আপডেট : ২৯ মে ২০২১, ০৭:৩৪ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আম্পায়ারের উদ্দেশ্যে ‘অনুপযোগী’ ভাষা ব্যবহার করায় শাস্তি পেতে হলো তামিম ইকবালকে।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তামিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের শেষ দুই বছরে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা ৯৭ রানে হেরে যায় বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকেরা দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তামিম ইকবাল যখন থিতু হওয়ার আভাস দিচ্ছিলেন, তখনই ঘটে সেই ঘটনা।

বাংলাদেশ ইনিংসের দশম ওভার ছিল সেটি। দুষ্মন্ত চামিরার বলে ড্রাইভ করার চেষ্টা করে ব্যর্থ হন তামিম। বল যায় উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার গ্লাভসে। লঙ্কান খেলোয়াড়রা আউটের আবেদন করলে আম্পায়ার শরফুদ্দৌলা সেই সিদ্ধান্তে সাড়া দেন।

কিন্তু তামিম সেই সিদ্ধান্ত মানতে পারেননি। রিভিউ নিলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পথে তামিমের শরীরে বিরক্তি ও অসন্তোষ ছিল স্পষ্ট। সে সময় আম্পায়ারের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেন তিনি।

ম্যাচ শেষে আম্পায়াররা অভিযোগ আনলে ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তবে ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদসম্মেলনেও তামিম বলেছিলেন, তিনি নিশ্চিত বলটা ব্যাটে লাগেনি। ২৯ বলে ১৭ রান করা তামিম বলেন, ‘খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত