জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মশিউর রহমানকে চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে।
গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে জাতীয় বিশ^বিদ্যালয়, গাজীপুরের ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ করা হলো।
ড. মশিউর রহমান এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ড. মশিউর রহমানের শিক্ষকতা জীবন শুরু। তার পিএইচডি গবেষণাকর্ম সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এ ছাড়া তার অনেক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। তিনি যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মিরহার গ্রামের কৃতী সন্তান ড. মশিউর রহমান স্কুলজীবন থেকেই রেডক্রস, স্কাউটিং, বিতর্কসহ নানা দায়িত্ব ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত। তার পিতা মো. তোফাজ্জল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা।
