ট্রাকের চাকায় পিষ্ট দুই মাদ্রাসা ছাত্র

আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৪৫ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার শিমুলতলী বসুরহাট-পেশকারহাট সড়কের মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলত বেপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)।

তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগনে এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় ও প্রথম জামাতের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই ও ভাগনেকে নিয়ে মোটরসাইকেলযোগে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন।

পথে মোটরসাইকেলটি পৌরসভার শিমুলতলী মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

পরে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ট্রাক চালক পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার (ওসি) মীর জাহেদুল হক রনি দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত