যেসব ক্ষেত্রে অর্থ পরিশোধে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা রয়েছে সেসব ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তা ছাড়া ৫০ হাজার টাকার বেশি পেমেন্ট হলে তা চেক, ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করার বাধ্যবাধকতা আরোপেরও প্রস্তাব করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
মুস্তফা কামালের প্রস্তাবনার মধ্যে আরো বলা হয়, সরবরাহ ও ঠিকাদারী বিল ব্যাংকিং বা এমএফএসের মাধ্যমে না নিলে প্রযোজ্য উৎসে করহারের অতিরিক্ত ৫০ শতাংশ কর্তন করা হবে। করের নেটওয়ার্ক সম্প্রসারণে বাড়ির নকশা, দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা ও পোস্টাল সেভিংস হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিন) বাধ্যতামূলক করারও প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবেও সংজ্ঞায়িত করার প্রস্তাব রয়েছে আগামী অর্থবছর থেকে।
প্রস্তাবগুলো পাশ হলে অর্থনীতির আকার বড় হবে বলে মনে করেন আ হ ম মুস্তফা কামাল।
তিনি মনে করেন, ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি এমএফএসের মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ দেওয়ার মাধ্যমে একটি আধুনিক প্রযুক্তিকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে। এতে করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।
