রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী, ঢাকার মধ্যবাড্ডায় বাসের ধাক্কায় এক ব্যবসায়ী, কুমিল্লায় তিনজন, গাজীপুর, মাদারীপুর ও সাতক্ষীরায় একজন নিহত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
রাজধানীর মধ্যবাড্ডায় গতকাল ভোরে বাসের ধাক্কায় আবদুল হালিম পাটুয়ারি (৫৫) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্যবাড্ডার হাজিবাড়ি মোড়ে ভাড়া থাকতেন তিনি।
নিহতের ছেলে আহসান হাবিব জানান, প্রতিদিনের মতো ভোরে বাবা বাসা থেকে বের হন। আধাঘণ্টা পর তার মোবাইল ফোন থেকে দুর্ঘটনায় আহতের খবর জানানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল সকালে আলুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত হয়। উপজেলার বসুরহাট-পেশকারহাট সড়কের মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দৌলত বেপারি বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে এবং বসুরহাট পৌরসভার দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় ও প্রথম জামাতের ছাত্র ছিল। ছোট ভাই ও ভাগ্নেকে মাদ্রাসায় নেওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলচালক মনিরুজ্জামান ইফাজকে (২২) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি।
কুমিল্লায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে বুড়িচং উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে ছিদ্দিকুর রহমান নামে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়। আর তিতাস উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়। নিহতরা হলো তিতাসের কাকিয়াখালী গ্রামের নারায়ণ দাস (৪২) ও লক্ষ্মণ দাস (৪৫)। তারা খুচরা মাছ ব্যবসায়ী বলে জানান তিতাস থানার এসআই আবদুল করিম।
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় গতকাল ভোরে ড্রাম্প ট্রাক ও পিকআপের সংঘর্ষে মারুফ নামে এক কিশোর নিহত হয়েছে। শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিক মিয়ার ছেলে মারুফ (১৩) পিকআপের হেলপার ছিল। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছে বলে জানান মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন।
মাদারীপুরের শিবচরে গতকাল দুপুরে ইউপি নির্বাচনের প্রচারণায় গিয়ে লেগুনার সঙ্গে ভ্যানের সংঘর্ষে হাসান শিকদার নামে এক কিশোর নিহত হয়। হাসান (১৪) উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু শিকদারের ছেলে।
পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হাওলাদারের পোস্টার ভ্যানে করে বিভিন্ন স্থানে সাঁটার কাজ করছিল হাসানসহ কয়েকজন। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন।
সাতক্ষীরার শ্যামনগরে গত বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (২০) নামে এক ব্যক্তি নিহত হয়। হাওয়ালভাঙ্গী গ্রামের কামরুল মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানান শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা।
