যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি অনুসারে বিশে^র দরিদ্র দেশগুলোকে করোনার আট কোটি ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পরিকল্পনা অনুযায়ী প্রথমে আড়াই কোটি ডোজ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভিয়েতনাম, পাপুয়া নিউগিনি ও তাইওয়ানকে দেওয়া হবে। মোট টিকার মধ্যে ৭৫ শতাংশ ডোজ কোভ্যাক্স (কভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাকসেস) প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
হোয়াইট হাউজের ঘোষণায় বলা হয়, কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা বিতরণে ওয়াশিংটন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকাকে প্রাধান্য দেবে। গত বৃহস্পতিবার বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা অনুগ্রহ নিশ্চিত করতে অথবা সুবিধা নিতে এই টিকা বিতরণ করছি না। আমরা এই টিকা সরবরাহ করছি জীবন বাঁচাতে এবং বিশ্ব থেকে এই মহামারীর অবসান ঘটাতে। আমাদের মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপনের জন্য।’ বাইডেন এর আগে বিশ্বব্যাপী আট কোটি ডোজ কভিড-১৯ টিকা বিতরণ জুনের শেষ নাগাদ সম্পন্ন করার ঘোষণা দেন।
হোয়াইট হাউজের কভিড-১৯ মোকাবিলার সমন্বয়ক জেফ জেইন্ট সাংবাদিকদের বলেন, ‘এই উদ্যোগের প্রথম আড়াই কোটি ডোজ রপ্তানির প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা প্রেসিডেন্টের অঙ্গীকার অনুযায়ী জুনের শেষ নাগাদ আট কোটি ডোজ সরবরাহ নিশ্চিত করব।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে দাতাদের সহায়তায় ভারতের ২০ শতাংশসহ বিশে^র ৯২টি দরিদ্র দেশের ৩০ ভাগ লোককে টিকা দেওয়া হবে।
প্রায় ছয় মিলিয়ন ডোজ ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা, পেরু, গুয়েতেমালা, হাইতিসহ দক্ষিণ এবং মধ্য আমেরিকার দেশগুলোতে বিতরণ করা হবে। আফ্রিকার জন্য দেওয়া হবে পাঁচ মিলিয়ন ডোজ এবং এগুলো আফ্রিকান ইউনিয়নের সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা হবে।
