হিলি স্থলবন্দর

দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৮ টাকা

আপডেট : ০৫ জুন ২০২১, ০২:১০ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে আমদানিকৃত ও দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ১৮ টাকা। আমদানি বাড়লে পেঁয়াজের দাম কমে ২০-২৫ টাকায় নামবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

গত বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে চারটি ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়। হিলি স্থলবন্দরের মেসার্স রাইয়ান ট্রেডার্স এই পেঁয়াজগুলো আমদানি করেন। আমদানিকৃত এসব পেয়াজ ৩২ থেকে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা শেরেগুল ইসলাম ও ইসাহাক আলী বলেন, দুদিন আগে দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা ছিল। এখন কমে ৪৩ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ ৪৮ টাকার পেঁয়াজ কমে ৩৬ টাকায় নেমেছে।

আমদানিকারক মামুনুর রশীদ লেবু বলেন, দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি প্রদান বন্ধ করে দেয়। এতে করে গত ২৯ এপ্রিল থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এদিকে ভারত থেকে আমদানি বন্ধের ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম হু-হু করে বাড়তে থাকে। সরকার যে কারণে আইপি বন্ধ করে দিয়েছিল প্রকৃতপক্ষে পেঁয়াজ তো কৃষকদের কাছে নেই। তা রয়েছে মজুদদারদের হাতে। যার কারণে পেঁয়াজের দাম বাড়তির দিকে।

সরকার আইপি প্রদান শুরু করায় বন্দর দিয়ে ইতিমধ্যেই পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে করে দামের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। এক দিনেই পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমেছে, সরকারের নিয়ন্ত্রলে রয়েছে বাজার। আগামীতে পর্যায়ক্রমে পেঁয়াজের আমদানি বাড়বে, এতে দাম আরও কমে আসবে বলে আমরা আশা করছি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আইপি না থাকার কারণে গত ২৯ এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। নতুন করে আইপি পাওয়ার ফলে গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল প্রথম দিনেই ৪টি ট্রাকে মোট ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। যা কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে দ্রুত খালাস করে আমদানিকারকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে পুনরায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরুর ফলে বন্দরের দৈনন্দিন আয় যেমন বেড়েছে তেমনি বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত