লক্ষ্যমাত্রার চেয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। তিনি বলেছেন, ‘২০২১ সালের জুনে টার্মিনালের ১৪ দশমিক ৫ শতাংশ নির্মাণকাজ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।’
গতকাল শনিবার দুপুরে থার্ড টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘নির্মাণাধীন টার্মিনালের আকার হবে বর্তমান বিমানবন্দরের দ্বিগুণের বেশি। টার্মিনালের সঙ্গেই আশকোনার হজ ক্যাম্প থেকে একটি টানেল যুক্ত থাকবে। এর মাধ্যমে হজে গমনেচ্ছুরা ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।’
মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বহুমাত্রিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। এরই অংশ হিসেবে দৃষ্টিনন্দন অটোমেটেড থার্ড টার্মিনাল হচ্ছে। এর সঙ্গে মেট্রোরেল যুক্ত থাকবে।’
তিনি আরও বলেন, ‘করোনায় বিশ্ব থমকে থাকলেও একদিনের জন্যও বন্ধ হয়নি টার্মিনালের নির্মাণকাজ। ২০২৩ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।’
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
