ইন্সটাগ্রাম-ফেইসবুকে ২ বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

আপডেট : ০৬ জুন ২০২১, ০১:৫১ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৩ সাল পর্যন্ত ফেইসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। এই সময় পর্যন্ত এ দুটি মাধ্যমে তাকে নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানগুলোর কর্র্তৃপক্ষ। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তের ফলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের ফেইসবুক-ইন্সটাগ্রামে ফেরার সুযোগ পাবেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানিমূলক পোস্ট দেওয়ায় গত জানুয়ারি মাসে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফেইসবুক। সংস্থাটির ওভারসাইট বোর্ড সেই নিষেধাজ্ঞা বহাল রাখলেও ‘চিরতরে নিষিদ্ধের’ শাস্তির সমালোচনা করে। তারা বলেন, এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।

যৌক্তিক শাস্তি নির্ধারণ করতে ফেসবুক কর্র্তৃপক্ষকে ছয় মাস সময় দিয়েছিল ওভারসাইট বোর্ড। কিন্তু এক মাসের মধ্যেই ফেইসবুক তাদের সিদ্ধান্ত জানাল। ফেইসবুকের বক্তব্য, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। তবে ট্রাম্প দাবি করেন, ফেইসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমানের শামিল, যারা তাকে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত