জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২১, ০১:৫৫ এএম

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বেশি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে।’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার গণভবনে ‘জাতীয় বৃক্ষ রোপণ অভিযান-২০২১’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষ রোপণ করলাম। সেই সঙ্গে আমি সব দেশবাসীকে আহ্বান জানাব যে যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ আর একটা ভেষজ এই ধরনের গাছ লাগান।’

শেখ হাসিনা বলেন, ‘পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে।’

বনায়নের ক্ষেত্রে তার সরকারের সাফল্য তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে।’ মানুষের জীবনে গাছের প্রযোজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘গাছ আমাদের জীবনে অনেক উপকার দেয়। সেজন্য সবাইকেই আমি আহ্বান জানাব যে পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সবদিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা।’

গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি  বলেন, ‘শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যতœ করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ওষুধ দেবে। নানাভাবে উপকৃত হবেন।’ সরকারপ্রধান বলেন, ‘কাজেই আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষ রোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।’

জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতিও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগান প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত