ঝালকাঠির রাজাপুর উপজেলার সাকরাইল (বলারজোড়) এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন একটি ব্রিজের অ্যাপ্রোচ গার্ডার নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, দেড় কোটি টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণকাজ চলছে। শুরুর দিকে নির্মাণকাজ মোটামুটিভাবে চললেও শেষদিকে এসে অ্যাপ্রোচ গার্ডার নির্মাণ কাজে ফাঁকি দেওয়া শুরু হয়। গার্ডারের জন্য নির্মিত ব্লকগুলো খুবই নিম্নমানের। এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলেই তা ভেঙে যায়। স্ল্যাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সুরকি, খোয়া এবং রডের ব্যবহার করা হয়নি। তাছাড়া কোনো কোনো জায়গায় স্ল্যাব না বসিয়েই বসানো হচ্ছে পিলার। এ ঘটনায় স্থানীয়দের তোপের মুখে নির্মাণকাজের পরিদর্শক ও লেবার সরদার পালিয়ে যান।
জানা যায়, রাজাপুর সদর উপজেলার সীমান্তবর্তী সাকরাইল বাজার থেকে সীমান্তকাঠি এলাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম এ সড়ক। সাকরাইল বাজার, সীমান্তকাঠি বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে আসা-যাওয়ায় প্রতিদিন সড়কটি ব্যবহার করে হাজার হাজার মানুষ ও যানবাহন। তবে ব্রিজটির অ্যাপ্রোচ সড়কের নির্মাণকাজে দূর্নীতি ও অনিয়ম নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার বাদল বলেন, ‘ব্রিজ নির্মাণকাজে কোনো ভুল হয়নি। স্ল্যাব তৈরিতে মিস্ত্রিদের গাফিলতিতে হয়তো কিছু ব্লকের মান খরাপ হয়েছে। এটা এমন কোনো ব্যাপার নয়।’ ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রহুল আমীন বলেন, ‘ব্রিজের অ্যাপ্রোচ সড়কের সøাবের মান খারাপ হয়েছে এমন কোনো অভিযোগ কেউ করেনি।’
