জাতীয় কবির জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথের ছবি

রবিকে নজরুলের নাতনি ও তথ্য মন্ত্রণালয়ের নোটিস

আপডেট : ০৮ জুন ২০২১, ০২:১৪ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করার ঘটনায় গত রবিবার মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন নজরুলের নাতনি খিলখিল কাজী। একই দিনে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রবির কাছে ব্যাখ্যা চেয়ে তথ্য মন্ত্রণালয় থেকেও পৃথক নোটিস পাঠানো হয়েছে।

তবে রবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, তারা এখনো দুই নোটিসের কোনো অনুলিপি পায়নি। এটি পেলে এ বিষয়ে তাদের বক্তব্য জানাবে বলে জানিয়েছে রবির জনসংযোগ বিভাগ।

এদিকে রবিবার পাঠানো নোটিসে রবিকে সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে তথ্য মন্ত্রণালয়। রবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত নোটিসে বলা হয়, “গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ‘রবি টেলিকম’ ফেইসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি না দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া হয়। কবি নজরুল রচিত একটি সংগীতের কয়েকটি লাইন তুলে ধরা হয়, সেখানেও অনেক ভুল ছিল। এরকম চরম অবমাননাকর পোস্ট দিয়ে ‘রবি টেলিকম’ বাংলা সাহিত্যের দুই কবির ভাবমূর্তি ক্ষুণœ করেছে। ‘রবি টেলিকম’-এর এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ গোটা বাঙালি জাতি।”

অন্যদিকে একই দিনে সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইমতিয়াজ ফারুক নজরুলের নাতনি খিলখিল কাজীর পক্ষে রবিকে আইনি নোটিস পাঠান। ওই নোটিসে বলা হয়েছে, ‘ফেইসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন আপত্তিকর পোস্ট করে রবি শুধু জাতীয় কবিকে অপমান এবং হেয় করেনি পাশাপাশি জাতীয় সম্প্রচার নীতি, জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৩ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১সহ একাধিক আইন লঙ্ঘন করেছে।’

নোটিসে আরও বলা হয়, ‘এমন কাজের অবশ্যই শাস্তি প্রয়োজন। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাঙালি জাতির অনুভূতি আঘাতপ্রাপ্ত হবে এবং ভবিষ্যতে সচেতনতা আসবে না। নোটিস অনুসারে, রবিকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যা জাতীয় কবি কাজী নজরুলের গবেষণার জন্য ব্যবহৃত হবে। এটি জাতীয় কবির পরিবারের তত্ত্বাবধানে একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে।’

এ ছাড়া খিলখিল কাজী রবিকে কপিরাইট লঙ্ঘনের জন্য যথাযথ রয়্যালটি উপস্থাপনেরও দাবি জানান।

রবিবার নজরুলের নাতনি খিলখিল কাজী দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলা সাহিত্যের দুজন বিখ্যাত কবিকেই অপমান করেছে রবি। এর বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। আমরা পরিবারের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়ায় গিয়েছি, রবিকে আইনি নোটিস পাঠিয়েছি। তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই তারাও নোটিস পাঠিয়ে ব্যাখ্যা চেয়েছেন। অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’

রবিসহ বিভিন্ন টেলিকম কোম্পানি অনেক দিন ধরেই নজরুলের গান, কবিতা বাণিজ্যিকভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছেন খিলখিল কাজী। তিনি বলেন, ‘তারা যে কবির গান, কবিতা বাণিজ্যিকভাব বিক্রি করে টাকা উপার্জন করছে, অথচ সেই কবিকে ঠিকমতো সম্মান করতে জানে না। তাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে। এবার আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

এ ব্যাপারে বিষয়টি নিয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা এখনো কোনো নোটিস পাইনি। নোটিস না পেয়ে কিছু বলতে পারছি না। নোটিস হাতে পাওয়ার পর আমরা মন্তব্য করব।’

গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের একটি ছবি দিয়ে পোস্টার বানিয়ে নজরুলকে জন্মদিনের শুভেচ্ছা জানায় রবি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সমালোচনা হয়। পরে রবি তাদের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে পোস্টারটি সরিয়ে ফেলে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হলে রবির অফিসিয়াল ফেইসবুক পাতায় ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত