‘সরকারি আবাসন-স্থাপনায় মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা ৪ গুণ’

আপডেট : ০৮ জুন ২০২১, ০৫:৪০ পিএম

সরকারি আবাসন-স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা চার গুণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা এখন নির্মাণাধীন স্থাপনা, বিশেষ করে সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘আমি আমাদের ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশনা দিয়েছি, সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে ৪ জরিমানা গুণ করার’

মেয়র তাপস বলেন, ‘আমাদের সমস্যা সমাধান করতে হলে সমস্যা চিহ্নিত করতে হবে। সরকারের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা, আবাসিক কলোনি ইত্যাদিতে আমাদের মশক কর্মীরা যেতে পারে না। আমাদের কাউন্সিলরদের সেখানে যেতে দেওয়া হয় না। ফলে সেখানে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়।’

তিনি বলেন, ‘সেখানে একবার যদি এডিস মশার বংশ বিস্তার শুরু হয় তবে তা বৃহৎ আকার ধারণ করে। সেজন্য সরকারি আবাসন-স্থাপনায় আমরা এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’

এ সময় সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনাগুলোকে এডিস মশার অভয়ারণ্য হিসেবে উল্লেখ করেন ডিএসসিসি মেয়র।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এডিস মশার বংশবিস্তারের নানাবিধ অনুষঙ্গ এবং তা নিয়ন্ত্রণে করপোরেশনের সঙ্গে সমন্বিত নানাবিধ কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা করা হয়।

ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ডা. মো. শরীফ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত