পরিকল্পনামন্ত্রী বললেন

আমলাতন্ত্রের বিকল্প কেউ বের করতে পারেনি

আপডেট : ০৯ জুন ২০২১, ০১:৫৯ এএম

আমলাতন্ত্রের বিকল্প কেউ বের করতে পারে নাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমলাতন্ত্রের বিকল্প সোভিয়েতরা বের করতে পারে নাই, চীনারাও বের করতে পারে নাই, ফেরাউনও পারে নাই, খলিফারাও পারে নাই। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে।’

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। একনেকে ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদনের বিষয়ে আলোচনা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।   

এম এ মান্নান বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়, ভালো। আমলাতন্ত্রের কোনো বিকল্পও তো নাই। কেউ বিকল্প বের করতে পারে নাই। সোভিয়েতরা বের করতে পারে নাই, চীনারাও বের করতে পারে নাই, ফেরাউনও পারে নাই, খলিফারাও পারে নাই। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘সেই মহান আমলাতন্ত্রের জন্য তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সাভারে বিপিএটিসি, এটাকে আধুনিকায়ন, সংস্কার, প্রশস্ত সবকিছু করব।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সরকারি আমলা তথা কর্মকর্তাদের প্রশিক্ষণে মনোযোগ বাড়ানোর কথা বলেছেন। তিনি প্রশিক্ষণের মেয়াদকাল আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

গতকালের একনেক সভায় ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পটির খরচ ৩৪৮ কোটি ৬১ লাখ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২০৭ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনে বাস্তবায়ন করার কথা থাকলেও এর মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি নিজেও একসময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনো বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে।’

মোবাইল ছিনতাই প্রসঙ্গ : রাজধানীর বিজয় সরণি মোড় থেকে এক সপ্তাহের বেশি সময় আগে ছিনতাই হওয়া ব্যক্তিগত মোবাইল ফোনটি ফিরে পাওয়া নিয়ে আশাবাদী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, হারানো ফোনটি এখনো ফিরে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সুখবর দিয়েছে। তারা জানিয়েছে, ফোনটা যে নিয়ে গেছে বা ছিনতাই করেছে, তাকে ট্রেস করা গেছে। এখন তাকে ধরার জন্য অভিযান চালানো হবে। সে লুকিয়েছে, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তাকে চেজ করা হচ্ছে। ফোন পাওয়া যাবে, আমি বিশ্বাস করি। কারণ আমাদের হাতে সে প্রযুক্তি আছে।

গত ৩০ মে রবিবার রাতে বিজয় সরণি মোড়ে গাড়িতে বসে কথা বলার সময় কেউ একজন টান দিয়ে পরিকল্পনামন্ত্রীর আইফোন এক্স মডেলের ফোনটি নিয়ে যান। এর এক দিন বাদে মঙ্গলবার ঘটনাটি প্রকাশ পায়। এ ঘটনায় মন্ত্রীর পিএস কাফরুল থানায় একটি মামলা করেন। আলোচিত ওই ঘটনা নিয়ে কাফরুল থানার পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত