মতবিনিময় সভায় মেয়র তাপস

সরকারি ভবনে এডিস মশার লার্ভা পেলে ৪ গুণ জরিমানা

আপডেট : ০৯ জুন ২০২১, ০২:১৬ এএম

সরকারি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ৪ গুণ জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘সরকারি আবাসন ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে চার গুণ জরিমানা করা হবে। আমি আমাদের ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশনা দিয়েছি, সরকারি আবাসন ও নির্মাণাধীন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে চার গুণ জরিমানা করার।’

গতকাল মঙ্গলবার ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় মেয়র এই ঘোষণা দেন।

এসময় মেয়র অভিযোগ করেন, ‘সরকারের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা, আবাসিক কলোনিতে সিটি করপোরেশনের মশক কর্মীরা যেতে পারেন না, কাউন্সিলরদেরও সেখানে যেতে দেওয়া হয় না। ফলে সেখানে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়। সেখানে একবার যদি এডিস মশার বংশ বিস্তার শুরু হয়, তবে তা বৃহৎ আকার ধারণ করে। সেজন্য সরকারি আবাসন-স্থাপনায় আমরা এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ বাড়ির ছাদে এখন বাগান করার সংস্কৃতি গড়ে উঠেছে, সেসব বাড়িতে ফুলের টবে যেন পানি না জমে, সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ‘জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি’ আয়োজিত এ সভায় একটি উপস্থাপনার মাধ্যমে এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত নানা কার্যক্রম তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত