আবারো রবীন্দ্র জাদেজা ও সঞ্জয় মাঞ্জরেকারের বিবাদের বিষয় সামনে এলো। জাদেজাকে উদ্দেশ্য করে মাঞ্জরেকারের বলা কিছু কথার পুরোনো স্ক্রিনশট ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতেই শুরু সমালোচনা।
২০১৯ বিশ্বকাপে জাদেজাকে ‘ক্ষুদ্র ও টুকরো’ ক্রিকেটার বলে অভিহিত করেছিলেন মাঞ্জরেকার। ওই মন্তব্য নিয়ে পরে তীব্র সমালোচনা হয়েছিল। জাদেজা নিজে সেমিফাইনালে অর্ধ শতরানের পর মাঞ্জরেকারের উদ্দেশে ব্যাট উঁচিয়ে ইঙ্গিত করেছিলেন। সেই ঘটনার পরবর্তী একটি ঘটনাই এবার সামনে এসেছে।
টুইটারে পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে, এক ভারতীয় ক্রিকেট ভক্তের সঙ্গে মাঞ্জরেকারের কথা চালাচালির অংশ। ২০১৯ বিশ্বকাপের সেই বিতর্কের পর মাঞ্জরেকার কিছু মন্তব্য করেছিলেন। ভারতের সাবেক ক্রিকেটার ওই ভক্তকে লেখেন, ‘অদ্ভুত দেশে বাস করছ তুমি। তোমাদের মতো ক্রিকেটারদের ভগবানের মতো পুজো করতে বলা হয় আমাদের। আমি কিন্তু ওদের সমর্থক নই। আমি একজন বিশ্লেষক। জাদেজা আসলে ইংরেজি জানে না। এ জন্যেই ও ‘ক্ষুদ্র ও টুকরো’ কথাটার আসল অর্থ বুঝতে পারেনি। আর নিশ্চিত ভাবেই কেউ ওকে ভুলভাল বুঝিয়েছে।’
যার সঙ্গে এই চ্যাট হয়েছিল মাঞ্জরেকারের, তিনিই স্ক্রিনশটটি ফাঁস করেছেন। দাবি জানিয়েছেন, ‘বিতর্কিত’ মাঞ্জরেকারকে বিসিসিআই যেন ধারাভাষ্য প্যানেলে না রাখেন।
সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে ‘সর্বকালের সেরা’ ক্রিকেটার মানতে অস্বীকার করে নতুন বিতর্ক তৈরি করেন সঞ্জয় মাঞ্জরেকার। যা নিয়ে দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছে। বিষয়টি মজার ছলে এগোলেও অশ্বিনকে নিয়ে মাঞ্জরেকারের মন্তব্য মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। এর মাঝেই জাদেজা-মাঞ্জরেকারের দুই বছর আগের অতীত প্রসঙ্গও সামনে এলো।
