বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদ থেকে বিদায় নিচ্ছেন দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ। অন্যদিকে নতুন ভিসি নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. হাসিবুর রশীদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে ২০১৭ সালের ১ জুন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। তার বিরুদ্ধে বেশিরভাগ সময় ক্যাম্পাসে না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। উপাচার্যসহ এ বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দুটি কমিটির মাধ্যমে তদন্ত করে ইউজিসি। এর মধ্যে জমা দেওয়া একটি তদন্ত প্রতিবেদনে এ বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনিয়মের সত্যতা পেয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল। এরপর উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ সংবাদ সম্মেলন করে বলেছিলেন, শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্রয়-প্রশ্রয়ে তার বিরুদ্ধে এসব করা হচ্ছে। এ ঘটনার পর কলিমউল্লাহকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষকদের একটি অংশ।
এদিকে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক হাসিবুর রশীদকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪ জুন থেকে অধ্যাপক হাসিবুর রশীদের এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে।
