বর্ষীয়ান রাজনীতিবিদ রাশেদ খান মেননের আত্মজীবনী প্রকাশ করছে বাতিঘর। বইটির শিরোনাম ‘এক জীবন : স্বাধীনতার সূর্যোদয়’।
বই বিপণি ও প্রকাশনা সংস্থা বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ এক ফেইসবুক পোস্টে বৃহস্পতিবার দুপুরে খবরটি জানান।
তিনি বলেন, বাতিঘর থেকে প্রকাশিত হচ্ছে রাজনীতিক রাশেদ খান মেননের আত্মজীবনীর প্রথম পর্ব ‘এক জীবন : স্বাধীনতার সূর্যোদয়’। আজ সকালে ঢাকার হাতিরপুলের হামিদ প্লাজায় নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদলের অফিসে লেখকের সঙ্গে বাতিঘরের চুক্তি সম্পাদন হয়েছে। প্রকাশকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন।
দীপঙ্কর আরও জানান, জুনের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে মেননের আত্মজীবনীর প্রথম খণ্ড।
বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল, দাম রাখা হয়েছে ১ হাজার টাকা।
