মেসেঞ্জারে যুক্ত হল টাকা পাঠানোর কিউআর কোড

আপডেট : ১১ জুন ২০২১, ০৩:৪৬ পিএম

ফেইসবুকের পে অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর উপায় আরও সহজ করেছে কোম্পানিটি। ব্যবহারকারী-টু-ব্যবহারকারী টাকা পাঠাতে এখন কিউআর কোড কাজে লাগানো যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারের সেটিংসে গিয়ে পেমেন্ট রিকোয়েস্টে কিউআর কোডের অ্যাকসেস পাবেন।

ফেইসবুক জানিয়েছে, প্রাপক বন্ধু তালিকায় না থাকলেও কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

আর্থিক সেবা বিভাগ কার্যক্রম জনপ্রিয় করতে ফেইসবুক গত কয়েক বছর ধরে নানা ধরনের চেষ্টা চালাচ্ছে। গত বছর আগস্টে তারা ‘ফেইসবুক ফিন্যান্সিয়াল’ নামের একটি বিভাগ চালু করে।

এএফপি জানিয়েছে, ফেইসবুক ফিন্যান্সিয়াল থেকে তাদের প্ল্যাটফর্মের সব অর্থ পরিশোধ ও আর্থিক সেবার ব্যবস্থাপনা ও পরিকল্পনার কাজ করা হবে। বর্তমানে ফেইসবুকে নানা রকম পেমেন্ট ফিচার রয়েছে। বিচ্ছিন্নভাবে পরিচালিত সেবাগুলো ফেইসবুক ফিন্যান্সিয়ালের অধীনে এক হবে।

ফেইসবুকের লিবরা নিয়ে নিরাপত্তার উদ্বেগ জানানো ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে গত বছর নিজস্ব ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করার কথা বলা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের এ সেবায় আর্থিক সেবার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত