পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা

আপডেট : ১১ জুন ২০২১, ০৭:২৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার জেরে গৃহবধূ শাহীনুর খাতুনকে গলা কেটে হত্যার ঘটনায় আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের।

পুলিশ জানায়, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কারিগরপাড়ার গৃহবধূ শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রীর পরকীয়া প্রেম চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়।

গত ৩১ মে রাশিদুল প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রী আছমা খাতুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানির পর ক্ষিপ্ত হয়ে ওঠেন মতিউর রহমান। নিজের স্ত্রীর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে ২ জুন রাতে বাড়িতে একা পেয়ে ঘুমন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা শাহিনুর খাতুনকে গলা কেটে হত্যা করে মতিউর রহমান। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় নাটোর জেলা পুলিশ মতিউর রহমানকে বৃহস্পতিবার তার নিজ বাড়ি থেকে আটক করে।

ব্রিফিং শেষে আসামিকে নাটোর আদালতে পাঠায় পুলিশ।

এ সময় বড়াইগ্রাম সার্কেল খায়রুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত