মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে শুক্রবার সকালে আহাদ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, চুরির অপবাদে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে কে বা কারা আহাদ নামে ওই ব্যক্তিকে সদর হসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ভর্তি হওয়ার কিছু সময় পর সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি মারা যান।
নিহত আহাদ যশোর জেলার এছহাকের ছেলে। রাত ৮টা পর্যন্ত নিহত আহাদের লাশ শনাক্ত করার জন্য পরিবারে কেউ আসেনি।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুল ইসলাম বলেন, সকালে কে বা কারা সদর হাসপাতালে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রেখে যায়। আমরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছিলাম। ভর্তি হওয়ার কিছু সময় পর ওই ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। লাশটি এখন সদর হাসপাতালে রয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) এহ্সানুর রহমান ভূইয়া বলেন, সদর হাসপাতালে এক ব্যক্তি মারা যাওয়ার খবর শুনে পুলিশ হাসপাতালে যায়। শুনেছি তার বাড়ি যশোর জেলায়। প্রাথমিকভাবে লাশের সুরতহাল করা হয়েছে। এখন পর্যন্ত লাশ শনাক্ত করার জন্য কেউ আসেনি। আমরা ২৪ ঘণ্টা পরিবারের লোকজনের জন্য অপেক্ষা করব। পরিবারের কাউকে না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
