মির্জাপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

আপডেট : ১২ জুন ২০২১, ০৪:২০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে নিরীহ মানুষকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুই ভুয়া পুলিশকে আটক করেছে।

শনিবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া ও চাঁনপুর থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন মিয়া (৩০) ও চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি মিয়া (২৭)।

তারা নিজেদের পুলিশ অফিসার ও কনস্টেবল পরিচয় দিয়ে একই ইউনিয়নের মারিশানপাড়া গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির দিনমজুরের কাছ থেকে টাকা আদায় করে।

খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় লোকজন অভিযোগ করেন, আটককৃতরা গত ২৬ মে রাতে মারিশনপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়ির ধান কাটা এক শ্রমিককে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরে ৩ হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে। ফিরে এসে বাড়ির মালিকসহ লোকজনকে ঘটনাটি জানান।

এলাকার লোকজন খবর নিয়ে জানতে পারেন, কামারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন নিজেকে এসআই, চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি ও রকিব দেওয়ানের ছেলে লোকমান দেওয়ান কনস্টেবল পরিচয় দিয়ে দিন মজুরের টাকা হাতিয়ে নেয়।

তারা মাঝে মধ্যেই ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনকে জিম্মি করে টাকা ও মালামাল হাতিয়ে নেয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ জানান, কেউ অভিযোগ করেননি। লোকমুখে জেনে তাদের আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত