মেয়াদোত্তীর্ণ হওয়ায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়েছে।
সদ্য বিলুপ্ত লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন জাবেদ হোসেন বক্কর ও সাধারণ সম্পাদক ছিলেন ইয়াকুব আলী। তাদের নেতৃত্বাধীন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে আগামী কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি অথবা ডাকযোগে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জাবেদ হোসেন বক্কর দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
