তিন আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

মিরপুরে মিন্টু, সিলেটে হাবিব ও বুড়িচংয়ে হাসেম

আপডেট : ১৩ জুন ২০২১, ০১:৫২ এএম

জেলা ও  উপজেলা কমিটিগুলোয় বিরাজমান অভ্যন্তরীণ কোন্দল মেটাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দলের সংসদীয় বোর্ডের সভায় দলের সাধারণ সম্পাদককে এই নির্দেশনা দেন। এ ছাড়া সভায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিন আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত  করা হয়। এর মধ্যে ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন মিরপুর শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম খান।

গতকাল শনিবার আওয়ামী লীগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ড ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রাজ্জাক,  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম গ্রহণ করেন।

গতকাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী হাবিবুর রহমান। তিনি বলেন, ‘গত এক যুগ ধরে দলের তৃণমূলের নেতাকর্মীদের পাশে আছি। ২০১৪ ও ২০১৮ সালে মনোনয়ন চেয়েছিলাম। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছিলেন। তখন আমি ওনার পক্ষে কাজ করেছি। দীর্ঘ এক যুগ ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আছি, নেত্রী এটার মূল্যায়ন করেছেন।’

প্রতিপক্ষ প্রার্থীদের ব্যাপারে হাবিবুর রহমান বলেন, ‘গত সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন যে বিএনপি প্রতিটি আসনে বিশেষ করে আমার আসনে এবং সদর আসনে এক লাখের অধিক ভোট পেয়েছে। জনগণ যদি ভোট না দিত, তাহলে ওরা কীভাবে পেল? আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন করতে চাই।’

অনেক প্রত্যাশীর মধ্যে তিনিই কেন মনোনয়ন পেলেন এ প্রশ্নে হাবিবুর রহমান বলেন, ‘সিলেটে আওয়ামী লীগের নতুন কমিটি হওয়ার পরে সিলেটে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বড় দল আওয়ামী লীগ, প্রতিযোগিতা থাকতে পারে। দল ঐক্যবদ্ধ আছে। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জে খোঁজ নিয়ে দেখতে পারেন, প্রতি ওয়ার্ড থেকে প্রতি গ্রামে মিছিল শুরু হয়ে গেছে এবং সবাই দোয়া করছে।

সংসদী বোর্ডের সভায় দলীয় সভাপতির নির্দেশনা সম্পর্কে উপস্থিত একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেত্রী নির্দেশ দিয়েছেন যেখানে যেখানে কমিটির মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি চলছে, সেগুলো যেন মিটিয়ে ফেলা হয়। জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আলোচনায় বসার কথাও বলেন। এ সময় তিনি ফরিদপুর জেলা কমিটির বিষয়ে কথা বলেন। বিবাদ না মিটলে প্রয়োজনে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেন শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত