স্টার্লিংয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুরু ইংল্যান্ডের

আপডেট : ১৩ জুন ২০২১, ০৯:১৪ পিএম

ইউরো কাপে শুভ সূচনা করল ইংল্যান্ড। রহিম স্টার্লিংয়ের গোলে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল দলটি।

রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে তুলে নেয় ইংল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ৫৭ মিনিটে স্টার্লিং এগিয়ে দেন ইংলিশদের। ম্যাচসেরা কলভিন ফিলিপসের এসিস্ট থেকে আসে গোলটি। শেষ পর্যন্ত সেই গোলটাই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান।

ইউরোর কাপে এই প্রথম নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ইংল্যান্ড। অন্যদিকে বিপরীত স্বাদ পেল ক্রোয়েশিয়া। তারা এই প্রথমবার ইউরোয় নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে হার মানল।

বিশ্বকাপ ও ইউরোর মতো বড় টুর্নামেন্ট এই নিয়ে মোট তিনবার মুখোমুখি লড়াইয়ে নামে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০০৪ ইউরো কাপে প্রথমবারের মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড ৪-২ গোলে জয় পেয়েছিল। ১৪ বছর পর দ্বিতীয় ও শেষ সাক্ষাৎ ২০১৮ বিশ্বকাপে। যে ম্যাচে ক্রোয়েশিয়া জয় তুলে নেয় ২-১ গোলে। এবার ইউরোয় তৃতীয়বারের সাক্ষাতে ইংল্যান্ড তুলে নিল জয়।

এ ম্যাচে ইতিহাসে নাম উঠেছে বেলিংহ্যামের। ৮২ মিনিটে হ্যারি কেনকে তুলে নিয়ে বেলিংহ্যামকে মাঠে নামান ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ১৭ বছরের এই তারকা মাঠে নামা মাত্রই ইতিহাস গড়েন। ইউরো কাপে মাঠে নামা সবচেয়ে কম বয়সী ফুটবলারে পরিণত হন তিনি।

ইংল্যান্ডের হয়ে মেজর টুর্নামেন্টে খেলতে নামা সব থেকে কমবয়সী ফুটবলারের রেকর্ডও ভেঙে দেন বেলিংহ্যাম। এর আগে ইংল্যান্ডের হয়ে মাইকেল ওয়েন ১৮ বছর ১৮৩ দিন বয়সে খেলতে নেমেছিলেন ১৯৯৮ বিশ্বকাপে।

ইংল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার, স্কটল্যান্ডের বিপক্ষে। একই দিন চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত