অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক নিয়োগ আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছে উচ্চ আদালত। জাবিতে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক রিট আবেদনের ওপর গতকাল মঙ্গলবার শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রবিবার আদেশের জন্য ধার্য করে এ সময় পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া মৌখিক আদেশে স্থগিত রাখতে বলে।
ভার্চুয়ালি রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনিক আর হক ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে। জাবির দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১০ জুন একটি রিট আবেদন করা হয়।
আইনজীবীরা জানান, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাবির দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড (মৌখিক পরীক্ষা) আহ্বান করা হয়। করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না, উপরন্তু তড়িঘড়ি করে অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে আপত্তি এবং তা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন বিভাগের শিক্ষকরা। কিন্তু এরপরও নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের প্রথমে আইনি নোটিস এবং নোটিসের জবাব না পাওয়ায় ওই বিভাগের একাধিক শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করেন।
