পিঠের ইনজুরিতে পড়ে ১১ জুন থেকেই ভুগছেন মোস্তাফিজুর রহমান। সুস্থ হয়ে উঠেছিলেন কিন্তু মাঠে নেমে আবার অস্বস্তি বোধ করায় গতকাল ডিপিএলে বাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ২.৫ ওভারের বেশি বল করতে পারেননি প্রাইম ব্যাংকের এই বোলার। তবে সুখবর লিটন দাশের। কবজির ইনজুরি থেকে ৭০-৮০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১১ জুনের ম্যাচে বল করতে পারেননি ফিজ। এরপর অষ্টম ও নবম রাউন্ড খেলতে পারেননি। সুস্থ হয়ে ওঠায় কাল দশম রাউন্ডে নেমেছিলেন মাঠে। কিন্তু ব্রাদার্সের বিপক্ষে আবার পুরনো পিঠের ব্যথা মাথাচাড়া দেয়। তাই আবারও ছুটতে হয়েছে হাসপাতালে। তবে মোস্তাফিজ বা লিটনকে দ্রুত মাঠে ফিরিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। সামনে জাতীয় দলের খেলা থাকায় তাদের সেরে ওঠার বিষয়টি যতœ সহকারেই দেখা হচ্ছে বলে জানিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘মোস্তাফিজকে স্ক্যান করতে পাঠানো হয়েছে। দুই দিন পর বুঝব কী অবস্থা। এখনই বলা যাচ্ছে না তার সুপার লিগ মিস হচ্ছে কিনা, লিটনের ব্যাপারেও বলা যাচ্ছে না সুপার লিগে খেলবে কিনা। আমাদের ধীরে এগোতে হবে। কারণ সামনে জাতীয় দলের হয়ে খেলা আছে, তাই এ লিগে ওদের নিয়ে খুব একটা ঝুঁকি নেওয়া হবে না।’
×
