সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী

আগস্টে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসবে

আপডেট : ১৭ জুন ২০২১, ০২:০৮ এএম

আগামী আগস্টে কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল বুধবার টিকাসংক্রান্ত বিষয়ে এক বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

টিকা কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে শিগগিরই ইতিবাচক খবর আসতে পারে। আমরা মোটামুটি একটি সমঝোতার পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা অপেক্ষা করছি, তারা কবে কখন কতটুকু দেবে।’

তিনি আরও বলেন, ‘চীনা টিকার দামটি জনসমক্ষে বলে দেওয়ার ফলে চীন একটু নারাজ হয়েছে। এতে টিকা পেতে দেরি হচ্ছে। না হলে আগেই টিকা পাওয়া যেত। আর কত দেরি হবে তা বুঝতে পারছি না। তবে এজন্য এ সংক্রান্ত বিষয়ে সই করে কাগজপত্র চীনে পাঠানো হয়েছে। এখন তারা একটি সময়সীমা জানাবে যে কবে কত টিকা দেবে। এখনো জানায়নি। আশা করছি এ মাসের মধ্যেই জানাবে।’

চীনের সিনোফার্মের তৈরি ১১ লাখ ভ্যাকসিন এখন হাতে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এগুলো ১৯ তারিখ থেকে পাঁচ লাখ লোককে দেওয়া হবে। প্রত্যেককে দুই ডোজ করে এই পাঁচ লাখের বেশি মানুষকে দেওয়া যাবে। যারা এ টিকা পাবেন, তার একটি অগ্রাধিকার তালিকা করা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা নির্ধারিত কেন্দ্রে নিবন্ধন করে রেখেছেন, তারা এ টিকা পাবেন। এতে অগ্রাধিকার তালিকায় আছেন সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং শিক্ষার্থী, সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী, উন্নয়ন প্রকল্পের (পদ্মা সেতু প্রকল্প) কর্মকর্তা, বিদেশগামী জনশক্তি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদেহ ব্যবস্থাপনায় যুক্ত ব্যক্তি এবং এ দেশে থাকা চীনা নাগরিকসহ অন্য দেশের নাগরিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত