গঙ্গায় কাঠের বাক্স থেকে শিশুকন্যা উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০২১, ০৩:২২ পিএম

ভারতীয়দের কাছে পবিত্র বলে পরিচিত গঙ্গা নদী থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। একটি কাঠের বাক্সে রাখা ছিল বাচ্চাটি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় নৌকার মাঝি গুল্লু চাহুধারী সেটি দেখতে পেয়ে তুলে নেন। বাক্স খুলেই তার চোখ কপালে ওঠে। দেখেন বাক্সের ভেতরে রয়েছে এক সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিপুরের দাদরি ঘাটের কাছে।

গুল্লু বলছেন শিশুকন্যাটিকে তিনি ‘গঙ্গাদেবীর উপহার’ মনে করছেন, ‘আমি একে বড় করতে চান। শিশুটি যে বাক্সে ছিল সেই বাক্সটি দেব-দেবীদের ছবি লাগানো ছিল। এছাড়া শিশুর রাশিফলও রাখা ছিল।’

পুলিশ জানিয়েছে, শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি কার কাছে থাকবে, সে সম্পর্কে তারা আপাতত সিদ্ধান্ত নিতে পারেননি।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার বাবা-মায়ের খোঁজ চলছে।

নৌকার মাঝির প্রশংসা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, সরকার ওই শিশুটির লালন-পালনের ব্যবস্থা করবে। কৃতজ্ঞতা হিসেবে মাঝি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত