হিলি স্থলবন্দরে আবারও দাম বাড়ছে পেঁয়াজের

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০১ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমিয়ে দেওয়ায় আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। দু’দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩ টাকা করে বেড়েছে। দু’দিন আগেও আমদানি করা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৩ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা বেড়ে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন বন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৪১৮ টন, ১৩ জুন ২৩টি ট্রাকে ৬২৩ টন, ১৪ জুন ২৫টি ট্রাকে ৭১৬ টন, ১৫ জুন ২৪টি ট্রাকে ৬৮৪ টন, ১৬ জুন ১৩টি ট্রাকে ৩৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে করে চলতি সপ্তাহের গত পাঁচ দিনে বন্দর দিয়ে ১০০ ট্রাকে ২ হাজার ৭৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগের সপ্তাহে ৩ জুন ৪টি ট্রাকে ৯৫ টন, ৫ জুন ৯টি ট্রাকে ২১৩ টন, ৭ জুন ১৫টি ট্রাকে ৩৯৭ টন, ৮ জুন ২২টি ট্রাকে ৫৮৫ টন, ৯ জুন ২৭টি ট্রাকে ৭৪১ টন, ১০ জুন বন্দর দিয়ে ৩৬টি ট্রাকে ১ হাজার ৩৫ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ফলে গত সপ্তাহের ছয় দিনে বন্দর দিয়ে ১১৩টি ট্রাকে ৩ হাজার ৬৬ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও ইসমাইল হোসেন বলেন, পেঁয়াজ আমদানিতে আইপি জটিলতা কেটে যাওয়ায় চলতি মাসের ৩ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দিকে আমদানি কিছুটা কম হলেও গত সপ্তাহ থেকে আমদানি বাড়ায় পেঁয়াজের দাম বেশ কিছু দিন ধরেই কমতির দিকেই ছিল।

সম্প্রতি পেঁয়াজ আমদানি করে তা কম দামে বিক্রি করতে হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে আমদানিকারকদের। যেখানে পেঁয়াজ আমদানি করে পড়তা পড়ছে প্রতি কেজি ২৮ টাকার মতো, সেখানে বিক্রি করতে হচ্ছে ২৩ থেকে ২৫ টাকায়।

যার কারণে পেয়াজ আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। আমদানিকারকরাও আগের তুলনায় পেঁয়াজের লোডিং কমিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, হঠাৎ করে দেশি পেঁয়াজের মোকামগুলোতে পেঁয়াজের দাম মণপ্রতি ১৫০ টাকা করে বেড়ে গেছে। এতে করে কেজিপ্রতি প্রায় ৪ টাকার মতো দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। যার প্রভাবে আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত