বিশ্বের অন্যতম প্রধান মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ‘ডিসিশন মেকার’ হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের তারেক আহমেদ।
তিনি ঢাকা ডকল্যাবের পরিচালক এবং বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কর্মী ও আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সাবেক পরিচালক।
ঢাকা ডকল্যাবের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য সুখবর।
তারেক আহমেদ সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশের সিনেমা এখন বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আমার সেখানে যুক্ত হওয়া বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জানালাটাকে আরও বড় করল। সামনে বাংলাদেশের সিনেমা আরও বড় অবস্থান তৈরি করবে বলেই বিশ্বাস করি। কান উৎসবের বিভিন্ন মিটিংয়ে এখন যুক্ত হওয়ার সুযোগ হবে। আমি মনে করি বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য এটা বড় সুযোগ।
